
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস আজ জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করে বলেছেন, এখন থেকে প্রতিবছর এই আয়োজন করা হবে, যাতে স্বৈরাচার কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
সরকার জুলাই-অগাস্ট মাসজুড়ে গেল বছরের আন্দোলনের প্রতিটি দিনকে পুনরুজ্জীবিত করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে বিনাশ করার তাগিদ দিয়ে ইউনূস বলেন, “স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। ১৬ বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়।”
মঙ্গলবার (১ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচির উদ্বোধনে কথা বলছিলেন মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা সরকার পতনের আন্দোলনের কথা তুলে ধরে বলেন, ”আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। এক বছর আগে, এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিলেন তা এক অভূতপূর্ব গণঅভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ।
