বর্তমানে দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই। ‘ফ্যাসিবাদী আমলে’ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ‘জঙ্গিবাদ’ শব্দটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো।’
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। জঙ্গিবাদ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশে এ ধরনের কোনো তৎপরতা নেই। তবে এক্সট্রিমিস্ট গ্রুপ (উগ্রবাদী গোষ্ঠী) থাকে। পৃথিবীর সব দেশেই এরা থাকে। কিছু কট্টরপন্থী গোষ্ঠী, বা মৌলবাদী রাজনৈতিক গোষ্ঠী থাকে আমরা সেগুলোর সঙ্গে পরিচিত।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হয়েছিল। আগের সরকার এটিকে রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।’
