ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মার্কিন বিশেষ বাহিনীর হাত থেকে পালানোর সময় নিজেদের বাসভবনের একটি নিরাপদ কক্ষে লুকাতে গিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কারাকাসে অভিযানের সময় মাদুরো ও তার স্ত্রী একটি ভারী স্টিলের দরজার আড়ালে লুকানোর চেষ্টা করেন।
তবে দরজার ফ্রেমটি নিচু হওয়ায় দ্রুত প্রবেশের সময় তারা উভয়েই মাথায় প্রচণ্ড আঘাত পান। মার্কিন ডেল্টা ফোর্সের সদস্যরা তাদের নাগাল পাওয়ার আগেই কক্ষের দেয়াল বা দরজার সঙ্গে সজোরে ধাক্কা লেগে এই জখম ও রক্তপাতের সৃষ্টি হয় বলে এনবিসি নিউজ ও সিএনএন-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সোমবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে হাজির করার সময় মাদুরো ও ফ্লোরেসের শরীরে দৃশ্যমান জখম লক্ষ্য করা গেছে। আদালত কক্ষের স্কেচে ফ্লোরেসের মাথায় ব্যান্ডেজ দেখা গেছে এবং তার মুখে কালশিটে দাগ স্পষ্ট ছিল। ফ্লোরেসের আইনজীবী দাবি করেছেন, তার মক্কেলের পাঁজরের হাড় ভেঙে গিয়ে থাকতে পারে এবং শুনানির সময় তাকে বেশ কয়েকবার মাথা নিচু করে ঝিমুনি দিতে দেখা গেছে।
