
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার বলেছেন, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে ভারত। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
দিল্লি-মস্কো বাণিজ্য বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে এই মন্তব্য এলো। সংশ্লিষ্টরা বলছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ভারতের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এটিই এখন পর্যন্ত তোলা সবচেয়ে বড় অভিযোগ।
হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ এবং ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার বলেন, ‘ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, রাশিয়া থেকে তেল কিনে ভারতের এই যুদ্ধ অর্থায়ন চালিয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়।’
মার্কিন এই কর্মকর্তা বলেন, ‘লোকজন শুনে অবাক হবে যে, রাশিয়ান তেল কেনার দিক থেকে ভারত প্রায় চীনের সমকক্ষ। এটা অবিশ্বাস্য তথ্য।’ চীন বাদে ভারত বর্তমানে রাশিয়ার তেলের দ্বিতীয় সর্ববৃহৎ ক্রেতা এবং দেশটির মোট জ্বালানির ৩০ শতাংশেরও বেশি যায় মস্কো থেকে, যা পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ক্রেমলিনের জন্য রাজস্বের উল্লেখযোগ্য উৎস হয়ে আছে।
২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ভারত রাশিয়া থেকে মাত্র ১ শতাংশ তেল আমদানি করত।
মিলারের এই মন্তব্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতের প্রতি সবচেয়ে কঠোর সমালোচনার একটি। এর আগে শুক্রবার রাশিয়া থেকে অস্ত্র ও জ্বালানি কেনার জেরে যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। ট্রাম্প প্রশাসন হুমকি দিয়েছে, ভারত যদি রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনা চালিয়ে যায়, তাহলে আরো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
