আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য নিয়ে অস্থিরতার অভিঘাত দেশের জনগণের ওপর না পড়ার লক্ষ্যে সরকার সহনশীল থাকবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, আমরা সতর্কভাবে ডিজেলে দাম বাড়িয়েছি এবং এটার ব্যাখ্যাও আমি সংসদে দিয়েছি।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে ঐতিহাসিক বাসিয়া খাল খনন প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে ডিজেলের দাম মাত্র ১৫ শতাংশ বেড়েছে, ১০০ টাকার ডিজেল ১১৫ টাকা। অথচ আশপাশের যে কোনো দেশে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশ থেকে বেশি। আমরা সতর্কভাবে ১৫ শতাংশ বৃদ্ধি করেছি। যাতে জনগণের ওপর বেশি অভিঘাত না পড়ে। ৫ শতাংশ দাম বৃদ্ধির ফলে একটি ট্রাক যদি ২০০ কিলোমিটার পণ্য পরিবহন করে যায় তাহলে কেজি প্রতি পণ্যমূল্য ৩০ পয়সা বাড়তে পারে। এটুকু বৃদ্ধির কারণে সত্যিকার মূল্যস্ফীতিতে কোনো প্রভাব পড়বে না।
