
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহে পরিচালিত যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
প্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।
আইএসপিআর আরও জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
একইসঙ্গে, সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বানও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ থেকে ৯ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এই বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে।
এই অভিযানগুলোতে চোরাকারবারি, অবৈধ অস্ত্রধারী, থানার অস্ত্র লুটকারী, মাদক কারবারি, মাদকাসক্তসহ মোট ২২৪ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৯টি ককটেল, ১৭টি বিভিন্ন ধরনের গুলি, দেশি-বিদেশি মাদকদ্রব্য, প্রাইভেট কার, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়।
