
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান পরিস্থিতি থেকে উত্তরণের এখন একমাত্র পথ হচ্ছে অতি দ্রুত নির্বাচন। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায়।
বুধবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিবের ওই বৈঠক হয়। আগামী ৩০ আগস্ট ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমাবেশ হওয়ার কথা।
বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন। শুরু থেকে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলে এসেছি। একই সঙ্গে আমরা মনে করি নির্বাচন প্রক্রিয়াকে তরান্বিত করার ব্যাপারে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত। ঘোষণা দিয়ে আর কোনো অস্পষ্টতা যাতে না থাকে সে ব্যবস্থাটা নেওয়া উচিত। প্রধান উপদেষ্টা সে ব্যবস্থাটা নেবেন বলে জানিয়েছেন।
ফেব্রয়ারিতে নির্বাচনের লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে কিনা প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি তো দেখছি, এগুচ্ছে।’
