অভিবাসনপ্রত্যাশীদের ওপর কঠোর দমন-পীড়নের জেরে যুক্তরাষ্ট্রে গুলিতে দু’জন নিহতের ঘটনায় তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাবে অভিবাসন ইস্যুতে তার জনসমর্থন রেকর্ড পরিমাণ কমেছে। নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
সোমবার (২৬ জানুয়ারি) প্রকাশিত রয়টার্স/ইপসোসের ওই জরিপ বলছে, বর্তমানে মাত্র ৩৯ শতাংশ আমেরিকান ট্রাম্পের অভিবাসন কার্যক্রম সমর্থন করছেন। চলতি মাসের শুরুতেও এই সমর্থনের হার ছিল ৪১ শতাংশ।
গত শুক্রবার থেকে রোববারের মধ্যে এই জরিপটি চালানো হয়। সপ্তাহান্তে মিনেসোটার মিনিয়াপোলিসে মার্কিন সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ৩৭ বছর বয়সী আইসিইউ নার্স অ্যালেক্স প্রেট্টি নিহত হওয়ার ঘটনার মধ্যেই এই জরিপের ফল প্রকাশ পেল।
এক মাসের কম সময়ের মধ্যে এই শহরে ফেডারেল এজেন্টের গুলিতে এটি দ্বিতীয় প্রাণহানির ঘটনা। এর আগে গত ৭ জানুয়ারি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টের গুলিতে নিহত হন তিন সন্তানের জননী ৩৭ বছর বয়সী রিনি নিকোল গুড।
নতুন জরিপে দেখা গেছে, ৫৮ শতাংশ উত্তরদাতা মনে করেন অননুমোদিত অভিবাসনের বিরুদ্ধে অভিযানে মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এজেন্টরা ‘অনেক বেশি বাড়াবাড়ি’ করছেন। এর বিপরীতে ২৬ শতাংশ মনে করেন তাদের কার্যক্রম ‘ঠিকই আছে’ এবং ১২ শতাংশের মতে তারা যথেষ্ট কঠোর হননি।
প্রেট্টি হত্যাকাণ্ডের আগে পরিচালিত বেশ কয়েকটি জনমত জরিপেও একই ধরনের চিত্র দেখা গিয়েছিল। গত শুক্রবার প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমস/সিয়েনা ইউনিভার্সিটির এক জরিপে ৬১ শতাংশ উত্তরদাতা বলেছিলেন আইসিই-এর কৌশল মাত্রা ছাড়িয়ে গেছে।
এর আগে ১৬ জানুয়ারি ওয়াল স্ট্রিট জার্নালের এক জরিপেও দেখা যায়, ৫৮ শতাংশ উত্তরদাতা মনে করেন ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার প্রচেষ্টায় ‘অনেক বেশি বাড়াবাড়ি’ করছে।
