
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের বর্তমান অর্থমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম প্রধানমন্ত্রী পদে সুপারিশ করেছেন। সোমবার (১৪ জুলাই) এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন, যা ইউক্রেনের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে—বিশেষ করে রাশিয়ার সঙ্গে চলমান আড়াই বছরের যুদ্ধের প্রেক্ষাপটে। খবর আল জাজিরা।
প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে বলেন, ‘আমি ইউক্রেন সরকারকে নেতৃত্ব দিতে এবং এর কার্যক্রম নতুনভাবে শুরু করতে ইউলিয়া সিভিরিদেঙ্কোর প্রস্তাব দিয়েছি। আমরা শিগগিরই নতুন সরকারের কর্মপরিকল্পনা উপস্থাপন দেখতে পাব বলে আশা করছি।’
জেলেনস্কি আরো জানান, এই সুপারিশ ইউক্রেন সরকারের কার্যনির্বাহী শাখার রূপান্তর প্রক্রিয়ার অংশ। তিনি আরও বলেন, সিভিরিদেঙ্কোর সঙ্গে তার আলোচনা হয়েছে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির উপায়, নাগরিকদের জন্য সহায়তা কর্মসূচির সম্প্রসারণ এবং দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানোর বিষয়ে।
এদিকে ৩৯ বছর বয়সী সিভিরিদেঙ্কো সম্প্রতি আলোচনায় আসেন বিরল খনিজসম্পদ সংক্রান্ত এক চুক্তিকে কেন্দ্র করে, যা যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্কে টানাপোড়েন তৈরি করে। কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যকার ঐ গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি সামনে আসেন এবং সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জেলেনস্কির প্রস্তাব অনুমোদন পেলে, সিভিরিদেঙ্কো বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের স্থলাভিষিক্ত হবেন। শ্যামিহাল ২০২০ সাল থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
