
১৭ বছরের নির্বাসিত জীবন থেকে ফিরে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিজের একটি পরিকল্পনা থাকার কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিকল্পনাটি কী, তা খোলাসা না করলেও তা বাস্তবায়নে দেশের সবার সহযোগিতা চাইলেন তিনি।
আজ বৃহস্পতিবার দেশে ফেরার পর লাখো সমর্থকের উচ্ছ্বাসে ভেসে ঢাকার তিনশ ফুটে সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান।’
কথাটি বলার আগে ৬২ বছর আগে আমেরিকার বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ভাষণটি স্মরণ করেন তারেক রহমান। ১৯৬৩ সালের ২৭ আগস্ট ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে লাখো মানুষের সমাবেশে লুথার কিং বর্ণবৈষম্যমুক্ত যুক্তরাষ্ট্র দেখার স্বপ্নের কথা তুলে ধরে বলেছিলেন, ‘আই হ্যাভ আ ড্রিম।’
২০০৮ সাল থেকে লন্ডনে থাকা তারেক রহমান তাঁর মা বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাশায়ী থাকার মধ্যে জাতীয় নির্বাচনের আগে আজ দেশে ফিরলেন।
দুপুরে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে নামার পর বিশেষ একটি বাসে রওনা হয়ে উচ্ছ্বসিত সমর্থকদের মধ্যদিয়ে সাত কিলোমিটার পথ তিন ঘণ্টার বেশি সময়ে পাড়ি দিয়ে বিকালে পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সড়কে স্থাপিত সংবর্ধনা মঞ্চে পৌঁছান তিনি।
দেশে ফেরার পর প্রথম ভাষণে তারেক রহমান বলেন, ‘আমরা দেশের শান্তি চাই। মার্টিন লুথার কিং—নাম তো শুনেছেন না আপনারা? তাঁর একটি বিখ্যাত ডায়ালগ আছে, আই হ্যাভ আ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ আ প্ল্যান, পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আর এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে।’
(KS)
