সকালটা ছিল ২০১৩ সালের ২৪ এপ্রিল। সাভারের রানা প্লাজার ভেতরে তখন স্বাভাবিক কর্মব্যস্ততা। হাজারো পোশাক শ্রমিক প্রতিদিনের মতোই কাজে যোগ দিতে ভবনের ভেতরে ঢুকছিলেন। কেউ জানতেন না, কয়েক মিনিট পরই তাদের জীবনের সব স্বাভাবিকতা ধসে যাবে একসঙ্গে। হঠাৎ করেই আটতলা সেই ভবনটি কেঁপে উঠে ধসে পড়ে, আর মুহূর্তের মধ্যেই পরিণত হয় ধ্বংসস্তূপে।
দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই শিল্প দুর্ঘটনায় প্রাণ হারান ১১৩৬ জন শ্রমিক, আহত হন কয়েক হাজার মানুষ। ধুলা, কংক্রিট আর চিৎকারে ভরে যায় পুরো এলাকা। উদ্ধারকাজ চলে দিনের পর দিন, কিন্তু সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে ফিরে আসে শুধু নিথর দেহ আর ভাঙা স্বপ্ন। আজ সেই ঘটনার ১৩ বছর পেরিয়ে গেছে। কিন্তু সময় যতই এগিয়েছে, ততই ভারী হয়েছে স্বজনদের প্রশ্ন বিচার কি আদৌ শেষ হবে?
রানা প্লাজা ধসের ঘটনায় ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। ২০১৬ সালে শুরু হয় বিচারিক কার্যক্রম। শুরুতে আশা ছিল দ্রুতই বিচার শেষ হবে। কিন্তু বাস্তবতা উল্টো পথে হাঁটতে শুরু করে। একের পর এক আইনি জটিলতা, উচ্চ আদালতে আবেদন, সাক্ষ্যগ্রহণে ধীরগতি সব মিলিয়ে মামলাটি যেন আটকে যায় দীর্ঘ সময়ের ফাঁদে। রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় সাক্ষী করা হয় ৫৯৪ জনকে। কিন্তু এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ১৪৫ জন। গুরুত্বপূর্ণ সাক্ষীদের আদালতে উপস্থিত করতে বারবার আদেশ দিলেও সাক্ষী হাজির করতে পারছে না পুলিশ। দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ ২০২৪ সালের জানুয়ারিতে, ৬ মাসের মধ্যে মামলা শেষ করতে নির্দেশ দিলে তাতেও কর্ণপাত করেননি সাক্ষী, পুলিশ, বিচারক কেউই। ফলে বিচার প্রক্রিয়া আজও অনিশ্চয়তার বৃত্তে ঘুরপাক খাচ্ছে।
এই দীর্ঘ অপেক্ষার ভেতরেই বদলে গেছে অনেক জীবন। কেউ হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে, কেউ আবার নিজেই হয়ে গেছেন আহত যাদের অনেকেই আজও পুরোপুরি সুস্থ নন। রানা প্লাজার সামনে দাঁড়ালে এখনো যেন ভেসে ওঠে সেই দিনের কান্না, ধ্বংস আর অসহায়তার ছবি।
এদিকে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি সোহেল রানার পক্ষের আইনজীবীরা এখনো দাবি করছেন, তিনি নির্দোষ। বলেন, অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে তাকে। এমন নৃশংস ঘটনার বিচার নিয়েও এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী ৩০ এপ্রিল এ মামলায় ফের সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। যদি রাষ্ট্রপক্ষ আদালতে সাক্ষী হাজির করতে পারে তবেই মামলাটি নিষ্পত্তির দিকে এগিয়ে যাবে।
সুত্রঃ দৈনিক ইত্তেফাক
