শুধু মূল বেতন করযোগ্য হওয়ায় সরকারের ৮২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী আয়করের বাইরে রয়ে গেছেন। এমনকি একই কারণে বিসিএস ক্যাডারে নিয়োগের ৪ বছর পর্যন্ত আয়কর দিতে হয় না। পক্ষান্তরে বেসরকারি চাকরিজীবীদের কর্মজীবনের শুরু থেকে মোট বেতনের ওপর হিসাব কষে আয়কর দিতে হয়। সরকারের এই দ্বৈতনীতিকে বৈষম্য হিসাবে অভিহিত করছেন অর্থনীতিবিদরা।
বিভিন্ন নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন দিতে প্রতিবছর সরকারের খরচ হয় ৮৪ হাজার ৬৪৮ কোটি টাকা। এক্ষেত্রে সরকার যদি অন্যান্য পেশার সবার মতো সরকারি চাকুরেদের আয়কর নির্ধারণ করে দিত তাহলে বিপুল অঙ্কের কর আদায় হতো। কিন্তু বর্তমানে কর্মচারীরা সরকারকে আয়কর দেন মাত্র ১৬১ কোটি টাকা। গড়ে একজন কর্মচারী আয়কর দেন ৬ হাজার ২২১ টাকা।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ যুগান্তরকে বলেন, কর ন্যায্যতার প্রশ্নে সব নাগরিকের কর সমান হওয়া উচিত। কে কোন পেশায় আছে সেটি বিবেচনায় নিলে সরকার কাঙ্ক্ষিত রাজস্ব পাবে না, একই সঙ্গে সমাজে বৈষম্য বাড়বে।
অর্থনীতিবিদ ড. জাহিদ হাসান বলেন, প্রতিবছর বাজেটে সরকার নারী-পুরুষ, মুক্তিযোদ্ধা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একটি করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করে। যাতে বলা হয়, পুরুষ নাগরিকের সাড়ে ৩ লাখ টাকা বার্ষিক আয় এবং নারীদের ৪ লাখ টাকা করমুক্ত। এই বৈষম্য সামাজিকভাবে গ্রহণযোগ্য। কিন্তু যেখানে সরকারি চাকরিজীবীদের শুধু মূল বেতন করযোগ্য, যেখানে বেসরকারি চাকরিজীবীদের পুরো বেতনের ওপর আয়কর দিতে হয়। এটা তো স্পষ্টত বৈষম্য। তিনি আরও বলেন, এই বৈষম্যের কারণে অনেকের কাছে মনে হতে পারে-সরকারি চাকরিজীবীরা সমাজের প্রিভিলেজ পারসন ও এলিট শ্রেণির। যত সুযোগ-সুবিধা তাদেরই যেন বেশি দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) তথ্যমতে, মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর, দপ্তর, করপোরেশন ও স্বায়ত্তশাসিত সংস্থা মিলিয়ে সরকারের মোট অনুমোদিত পদসংখ্যা ১৯ লাখ ১৯ হাজার ১১১টি। এই পদের বিপরীতে বর্তমানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। এছাড়া সিভিল, সিডিজিএফ রেলওয়ে ও অন্য ক্যাটাগরিতে পেনশনভোগী অবসরপ্রাপ্ত কর্মচারীর সংখ্যা ৮ লাখ ৩৫ হাজার ১৫ জন। এত বিপুলসংখ্যক চাকরিজীবীকে বেতন-ভাতা ও পেনশন দিতে সরকার চলতি অর্থবছরের বাজেটে ৮৪ হাজার ৬৪৮ কোটি টাকা বরাদ্দ রেখেছে।
এনবিআরের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরের সরকারি কর্মচারীরা ১৬১ কোটি ৭৫ লাখ টাকার আয়কর সরকারি কোষাগারে জমা দিয়েছেন। এক্ষেত্রে আয়কর আদায়ের প্রবৃদ্ধি একেবারেই যৎসামান্য। ২০২০-২১ অর্থবছরে ১১১ কোটি ৫৭ লাখ, ২০২১-২২-এ ১১৪ কোটি ৩ লাখ, ২০২২-২৩-এ ১২৫ কোটি ৭৫ লাখ এবং ২০২৩-২৪ অর্থবছরে আয়কর দিয়েছেন ১৫০ কোটি ৫৫ লাখ টাকা। অবশ্য কতজন সরকারি কর্মচারী নিয়মিত আয়কর দেন, তার সঠিক পরিসংখ্যান এনবিআরের কাছে নেই।
জিইএমএসের তথ্য, আয়কর আইন ও সরকারি কর্মচারীদের কাছ থেকে রাজস্ব আদায়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৯ম গ্রেড ঊর্ধ্ব কর্মচারীর সংখ্যা আনুমানিক ২ লাখ ৬০ হাজার জন। মূলত এরাই আয়কর দেন। বাকি নিচের সারির কর্মচারীরা শুধু রিটার্ন জমা দেন। অর্থাৎ সরকারি চাকরিতে মোট কর্মরতদের মধ্যে মাত্র ১৮ শতাংশ আয়কর দেন এবং গড়ে একজন কর্মচারী বছরে সরকারকে আয়কর দেন মাত্র ৬ হাজার ২২১ টাকা।
তথ্যানিুসন্ধানে জানা গেছে, কর বৈষম্য কমিয়ে আনতে দুই বছর আগে সরকারি চাকরিজীবীদের ভাতার ওপর করারোপের সুপারিশ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সে মোতাবেক এনবিআরও বাজেটে আয়কর আইন সংশোধনের উদ্যোগ নেয়। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী এই বিধান আয়কর আইনে যুক্ত না করার নির্দেশ দেন।
সুত্রঃ যুগান্তর
