দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মারা গেছে তিন শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে চারজন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯৮টি শিশুর।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১৭২ শিশু। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। হামের উপসর্গ নিয়ে বাকি এক শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।
