
ইজরায়েল সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে বেশিরভাগ কূটনৈতিক কর্মীকে ফিরিয়ে নিচ্ছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) ইসরায়েলি নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, বিশেষ করে ইহুদি ছুটির দিন ও শাব্বাত উপলক্ষে আমিরাতে হামলার আশঙ্কা রয়েছে।
এ পটভূমিতে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়োসি আব্রাহাম শেলিকে এরইমধ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে। এর আগে আমিরাত সরকার অভিযোগ করে, আবুধাবির একটি বারে নারীদের সঙ্গে অশোভন আচরণ করেছিলেন শেলি, যা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের শামিল।
এ ছাড়া ইরানে ইসরায়েলের সাম্প্রতিক ১২ দিনের হামলার জেরে পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা, গাজায় চলমান অভিযান ও আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান সমালোচনার প্রেক্ষাপটে এ সতর্কতা জারি করা হয়। বহু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গাজায় ইসরায়েলি অভিযানে গণহত্যার আশঙ্কা প্রকাশ করেছে।
উল্লেখ্য যে, ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। এটি ছিল মিসর (১৯৭৯) ও জর্ডানের (১৯৯৪) পর তৃতীয় আরব দেশ, যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ২০২২ সালে উভয় দেশ একটি মুক্ত বাণিজ্য চুক্তিও সই করে।
