
বিগত ২২ মাসের ইসরাইল-হামাস যুদ্ধে নিহতের সংখ্যা প্রায় ৬০ হাজার ছাড়িয়েছে। হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার গাজা শহর থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় ৬০ হাজার ৩৪ জন শহীদ ও ১ লাখ ৪৫ হাজার ৮৭০ জন আহত হয়েছেন।
এদিকে যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সরকার ২০২৩ সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে।
অঞ্চলজুড়ে এখন পর্যন্ত নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এই অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটির ৯০ শতাংশের বেশি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
