প্রস্তাবিত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এ ইন্টারনেট বন্ধের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ টেলিযোগাযোগ আইন ও নীতিতে যুগোপযোগী পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষা আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
মঙ্গলবার ঢাকায় বিটিসিএল সভাকক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ শীর্ষক অংশীজন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ সহকারী ফয়েজ আহমদ জানান, প্রস্তাবিত এই অধ্যাদেশে অংশীজনদের মতামতের ভিত্তিতে সংযোজন ও বিয়োজনের সুযোগ রয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে এই অংশীজন সভা অনুষ্ঠিত হয়।
এই অধ্যাদেশের খসড়াটি সংশ্লিষ্ট অংশীজন এবং সর্বসাধারণের অবগতি ও মতামত প্রদানের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে। জনগণ ও অংশীজনরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই খসড়ার ওপর মতামত দিতে পারবেন।
