কয়েকদিন পরই ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে, যা দেশটির অর্থনীতির ওপর ব্যাপক নেতিবাচক ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইসরাইলের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরুর উদ্বেগ বাড়তে শুরু করেছে। এ মন পরিস্থিতিতে ইরানের কট্টরপন্থি এমপিরা আবারও দ্রুত পরমাণু বোমা তৈরির জোর দাবি তুলেছেন।
ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তাব পাস হয়। যদি আগামী কয়েকদিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি না হয়, তাহলে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ইরানের ওপর ইউরোপীয় নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল হবে যা ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির আওতায় প্রত্যাহার করা হয়েছিল।
এর প্রতিক্রিয়ায় গত রোববার (২১ সেপ্টেম্বর) ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ঘোষণা দেয়, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পদক্ষেপের পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করা হয়েছে। তবে এই পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করছেন ইরানের রাজনীতিকদের একাংশ। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা হাতিয়ার হিসেবে পরমাণু অস্ত্র চাইছেন।
