
অস্কারজয়ী স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার গাজা যুদ্ধকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে স্পেনকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অন্যান্য ইউরোপীয় নেতাদেরও একই পদক্ষেপ নেওয়ার জন্য রাজি করাতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের দৃষ্টি আকর্ষণ করেন।
‘অল অ্যাবাউট মাই মাদার’ চলচ্চিত্রের জন্য সুপরিচিত এই পরিচালক বুধবার (২৭ আগস্ট) ইনস্টাগ্রামে নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে পোস্ট করা এক ভিডিও এই আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের (স্পেনের) সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন কূটনৈতিক, বাণিজ্যিকসহ ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন। গাজার জনগণের বিরুদ্ধে সারাবিশ্বের মানুষের চোখের সামনে সংঘটিত এই গণহত্যার বিরুদ্ধে ঘৃণার প্রতীক হিসেবে এ পদক্ষেপ নিতে হবে।’
গাজা ইস্যুতে ‘নীরবতার’ বিরুদ্ধে পেদ্রো গত মে মাসে কান চলচ্চিত্র উৎসব চলাকালে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমসহ অন্যান্য শিল্পীদের সঙ্গে একটি চিঠিতে সই করেন।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে স্পেনে সানচেজের নেতৃত্বাধীন বামপন্থী সরকার গাজায় ইসরায়েলের অভিযানের অন্যতম কড়া সমালোচক।
২০২৪ সালের মে মাসে স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় এবং সানচেজ ২০২৫ সালের জুনে এই সংঘাতকে ‘গণহত্যা’ আখ্যায়িত করেন। তবে স্পেন এখনো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি।
