
পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে বিভিন্ন মার্কেট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার (১৭ মার্চ) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন মার্কেট এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের সুবিধার্থে আগামী ২১, ২২ ও ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বা সড়কে যানবাহনের চাপ বেশি হলে মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য নিম্নরূপ ডাইভারশন দেওয়া হবে।
সোনারগাঁও ক্রসিং থেকে পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) হয়ে পান্থপথ এলাকা বা নিউমার্কেট এলাকা বা ধানমন্ডি বা মোহাম্মদপুর বা জিগাতলা বা মিরপুরগামী যানবাহনগুলোকে ফার্মগেট বা শাহবাগের দিকে ডাইভারশন দেওয়া হবে।
পান্থপথ গ্রিন রোড ক্রসিং থেকে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনগুলোকে (পান্থপথে ইউটার্নকারী যানবাহনসহ) গ্রিন রোডে বা রাসেল স্কয়ার বা ফার্মগেটের দিকে ডাইভারশন দেওয়া হবে।
মিরপুর রোড ও ধানমন্ডি থেকে আগত সায়েন্সল্যাব ইন্টারসেকশন হয়ে নিউমার্কেটগামী যানবাহনগুলোকে (সিটি বাস ছাড়া) সায়েন্সল্যাব ক্রসিং থেকে বামে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাঁটাবন রোড অথবা পলাশী ক্রসিং হয়ে চলাচলের জন্য ডাইভারশন দেওয়া হবে।
নিউমার্কেট ক্রসিংয়ে নিউমার্কেটের সামনে দিয়ে মিরপুর সড়কগামী যানবাহনগুলোকে (সিটি বাস ছাড়া) নিউমার্কেট ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউমার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারশন দেওয়া হবে।
