মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দক্ষিণ কোরিয়া প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করার পর এবার নিজেদের ‘অত্যাধুনিক’ পারমাণবিক-সক্ষম মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের (এমআরএলএস) সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
রবিবার (১৫ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এই তথ্য নিশ্চিত করেছে।
কিম জং উন বলেছেন, এই মহড়া পিয়ংইয়ংয়ের শত্রুদের মধ্যে ‘অস্থিরতা’ সৃষ্টি করেছে এবং কৌশলগত পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক শক্তি সম্পর্কে ‘গভীর ধারণা’ দিয়েছে। এসব অস্ত্রের আঘাত হানার পাল্লা ৪২০ কিলোমিটার।
কেসিএনএ জানিয়েছে, রকেটগুলো ৩৬০ কিলোমিটারেরও বেশি দূরে কোরিয়ার পূর্ব সাগরে একটি দ্বীপ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এমআরএলএসকে ‘খুব মারাত্মক তবে আকর্ষণীয় অস্ত্র’ হিসেবে বর্ণনা করে এর প্রশংসা করেছেন কিম।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে আকাশে একাধিক রকেট ছুটে যেতে দেখা গেছে। আরেকটি ছবিতে কিম জং উনকে তার মেয়ে জু আয়ে-এর সঙ্গে দূর থেকে উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে দেখা যায়। তাদের পাশে একজন সামরিক কর্মকর্তাও ছিলেন।
