স্বাস্থ্য খাতে বর্তমানে উন্নয়নমূলক কাজে যাওয়ার মতো কোনও তহবিল নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়কমন্ত্রী সরদার সাখওয়াত হোসেন। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার পর্যাপ্ত টাকাও নেই বলে জানান তিনি।
রবিবার (২৯ মার্চ) অধিবেশনে সংসদ সদস্য মো. শামীম কায়সারের (গাইবান্ধা-৪) বিধি-৭১ এর নোটিশের ওপর এক সম্পূরক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংসদ সদস্য তার নির্বাচনি এলাকার ১০-২০টি স্বাস্থ্য উপকেন্দ্র এবং একটি কমিউনিটি ক্লিনিক, ১০-২০টি কমিউনিটি ক্লিনিকের কথা বলেছেন। সিনারিও যেটা তিনি বর্ণনা করেছেন, এটা সারা দেশের একটা সিনারিও। বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে নিয়ে যে লুটপাট করা হয়েছে, যে ধরনের অব্যবস্থাপনা হয়েছে, এতে কোথাও চলমান কোনও প্রজেক্টও, কোনও উন্নয়নমূলক কাজ হয়নি।
