আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের একীভূত হওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন দল দুটির বেশ কয়েকজন নেতা। এক্ষেত্রে তাদের মধ্যে একটি জোট গঠন হতে পারে। আবার দুই দল মিলে একটিতেও রূপান্তর হওয়ারও সম্ভাবনা রয়েছে। দুটি বিষয়কে সামনে রেখেই চলছে আলোচনা।
২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ২০২১ সালে গণঅধিকার পরিষদে রূপ নেয়। আর ২০২৪ সালের কোটা আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্তরাই আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন পর গড়ে তোলেন এনসিপি।
আবার এনসিপির শীর্ষ পর্যায়ের অনেক নেতারই আন্দোলন-কর্মসূচিতে হাতেখড়ি হয়েছিল নুরুল হক নুরের নেতৃত্বাধীন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে।
সেই হিসেবে নুরুল হক নুর এনসিপির অনেক নেতার ‘রাজনৈতিক গুরু’ বলেও বলে থাকেন কেউ কেউ। গণঅধিকার পরিষদ গত বছর নির্বাচন কমিশনের নিবন্ধন পেলেও এনসিপি এখনো তা পায়নি।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০১৮ সালে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এরপর ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জয়ী হন এ আন্দোলনের আহ্বায়ক নুরুল হক নুর। পরবর্তী সময়ে ২০২১ সালের ২৬ অক্টোবর রাজধানীর পুরোনা পল্টনের একটি মিলনায়তনে গণঅধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। শুরুতে দলটির আহ্বায়ক ছিলেন অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, আর সদস্য সচিব করা হয় নুরুল হক নুরকে। অবশ্য একটা পর্যায়ে রেজা ও নুরের মধ্যে মতবিরোধ দেখা দেয়। ২০২৩ সালের ১০ জুলাই ড. রেজা কিবরিয়াকে বাদ দিয়ে দলের কাউন্সিল হয়। এতে ৮৩ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাশেদ খান।
