হাম প্রতিরোধে আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। প্রথম ধাপে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকার আওতায় আনা হবে।
শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, রোববার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হবে। যেসব এলাকায় হামের সংক্রমণ বেশি, সেসব ১৮ জেলার ৩০ উপজেলাকে প্রাথমিকভাবে কর্মসূচির আওতায় আনা হয়েছে।
তিনি জানান, আক্রান্তদের বেশিরভাগই ৬ মাস থেকে ৫ বছরের শিশু হওয়ায় এই বয়সসীমার সব শিশুকে টিকা দেওয়া হবে- তারা আগে আক্রান্ত হয়ে থাকুক বা না থাকুক। এছাড়া বর্তমানে অসুস্থ, আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
