
এবার এস আলম গ্রুপের মালিকানাধীন স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানাসহ ১ হাজার ১৪৯ শতাংশ জমি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক। গ্রুপটির কাছে এই তিন প্রকল্পের বিপরীতে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখার পাওনার পরিমাণ ২ হাজার ১৮০ কোটি টাকা। আজ রোববার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এ নিলাম ডেকেছে ব্যাংকটির খাতুনগঞ্জ করপোরেট শাখা।
রাজধানী ও চট্টগ্রামের স্থানীয় এক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশের খাতুনগঞ্জ করপোরেট শাখার গ্রাহক এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন ও এস আলম ভেজিটেবল অয়েল। এর মধ্যে এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওসমান গনি; চেয়ারম্যান আবদুস সামাদ; পরিচালক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও হালিমা বেগম; স্বতন্ত্র পরিচালক সম্পদ কুমার বসাক ও হাসান ইকবাল; এস আলম পাওয়ার জেনারেশনের এমডি মোহাম্মদ শহীদুল আলম, চেয়ারম্যান তৌহিদুল আলম, পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাছান ও এখলাসুর রহমান; এস আলম ভেজিটেবল অয়েলের এমডি মোহাম্মদ শহীদুল আলম ও চেয়ারম্যান ফারজানা পারভীন।
এর আগে ২০ এপ্রিল ৯ হাজার ৯৪৮ কোটি টাকা পাওনা আদায়ের জন্য এস আলম গ্রুপের চিনিকলসহ প্রায় ১১ একর সম্পত্তির নিলাম ডাকে ইসলামী ব্যাংক বাংলাদেশের খাতুনগঞ্জ করপোরেট শাখা।
আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখল করে নেয় এস আলম গ্রুপ। এরপর ব্যাংকটি থেকে নামে-বেনামে এক লাখ কোটি টাকার বেশি তুলে নেয় গ্রুপটি। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ব্যাংকের নিয়ন্ত্রণ হারায় গ্রুপটি। এসব ঋণ এখন এক এক করে খেলাপি হতে শুরু করেছে। আর এ নিয়ে আইনি প্রক্রিয়ায় নিলামে উঠছে। সব মিলিয়ে বড় ধরনের সংকটে পড়েছে ইসলামী ব্যাংক।
