এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেরানেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, কেন্দ্র দখল যেন না হয়, সেজন্য এবার সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, পুলিশকে ২৫ হাজার ৭০০ বডিওর্ন ক্যামেরা দিচ্ছি, ড্রোন ব্যবহার করছি। এরপরও যদি কেউ কোনো রকম এদিক-সেদিক করতে যায়, তাহলে কেউ ছাড় পাবে না। সে ভাই হোক বা বোন হোক, তার ছবি এখানে থেকে যাবে, ৩ বা ৪ দিন পর হোক বা ৬ মাসের জন্য জামিন নিয়ে আসুক, জামিনের পরে হলেও সে ধরা খাবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিভাগীয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা শেষে তিনি সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নির্বাচনে ফলাফল ঘোষণার বিলম্ব প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ফলাফল প্রস্তুত হয়ে গেলে ঘোষণা করে দেবে। এখন তো ফলাফল ঘোষণা সুবিধা, যেহেতু প্রত্যেকটি কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট থাকবে। কোন প্রার্থী কত ভোট পেল, সাথে সাথেই এজেন্ট তা মোবাইলে জানিয়ে দেবে। সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই মোবাইলের মাধ্যমে ফলাফল মানুষ পেয়ে যায়, তা আপনারাও জানেন।
এ সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী (এনডিসি), ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়া, র্যাব-১৪ এর অতিরিক্ত ডিআইজি নয়মুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
