ফিলিস্তিন ও লেবাননে হামলার অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
রোববার (১২ এপ্রিল) ইস্তাম্বুল-এ এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইসরাইল “মানবিক মূল্যবোধ উপেক্ষা করে নির্বিচারে বেসামরিক নাগরিক হত্যা চালিয়ে যাচ্ছে।”
এরদোয়ান অভিযোগ করেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে বিপুলসংখ্যক মানুষ ঘরছাড়া হয়েছে। তিনি ইসরায়েলি কর্মকাণ্ডকে “বর্বরতা” হিসেবে আখ্যা দেন।
এছাড়া ইসরায়েলের পার্লামেন্টে পাস হওয়া একটি বিতর্কিত আইনের সমালোচনা করে বলেন, এটি মূলত ফিলিস্তিনি বন্দীদের লক্ষ্য করেই তৈরি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুর্কি প্রেসিডেন্ট আরও কঠোর অবস্থান নেন। তিনি বলেন, “আমরা যেভাবে কারাবাখ ও লিবিয়ায় প্রবেশ করেছি, প্রয়োজনে একইভাবে ইসরায়েলের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে পারি।”
