সারা দেশে ছড়িয়ে থাকা কওমি মাদরাসাগুলোকে মূলধারায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ‘বাংলাদেশের কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থা উন্নয়ন রূপকল্প ২০২৫-২০৩৫’ নামে একটি কর্মসূচির খসড়ায় হাত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এই কর্মসূচির আওতায় বিদ্যমান ছয়টি বোর্ডকে এক করে একটি সরকারি বোর্ডের মাধ্যমে সনদ দেওয়া ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করার প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া কওমি মাদরাসার শিক্ষকদের জন্য সরকারি বেতন-ভাতা প্রদানেরও প্রস্তাব করা হয়েছে।
গ্রেড-১ : বর্তমানে পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী বিদ্যমান এবং গত ২৫ বছর বা তার বেশি পূর্বে স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কওমি মাদরাসা।
গ্রেড-২ : বর্তমানে তিন শতাধিক ছাত্র-ছাত্রী বিদ্যমান এবং ১৫ বছর বা তার বেশি পূর্বে স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কওমি মাদরাসা।
গ্রেড-৩ : বর্তমানে শতাধিক ছাত্র-ছাত্রী বিদ্যমান এবং পাঁচ বছর বা তার বেশি আগে স্থাপিত হতে ধারাবাহিকভাবে চলমান কওমি মাদরাসা।
গ্রেড-৪ : অন্য সব মাদরাসা বা নতুন চলমান কওমি মাদরাসা।
কওমি মাদরাসাগুলোর জন্য সরকারিভাবে গ্রেডভিত্তিক মাসিক সম্মানি চালুকরণের প্রস্তাব রাখা হয়েছে। গ্রেড-১ ভুক্ত কওমি মাদরাসার প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা এবং অন্যান্য শিক্ষক চারজন ও কর্মচারি একজনের জন্য প্রতি মাসে জনপ্রতি সাত হাজার টাকা সম্মানির প্রস্তাব করা হয়েছে। গ্রেড-২ ভুক্ত কওমি মাদরাসার প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে আট হাজার টাকা এবং অন্যান্য শিক্ষক চারজন ও কর্মচারী একজনের জন্য প্রতি মাসে জনপ্রতি পাঁচ হাজার টাকা সম্মানির প্রস্তাব করা হয়েছে। গ্রেড-৩ ভুক্ত কওমি মাদরাসার প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং অন্যান্য শিক্ষক চারজন ও কর্মচারী একজনের জন্য প্রতি মাসে জনপ্রতি তিন হাজার টাকা সম্মানির প্রস্তাব করা হয়েছে।
রূপকল্পে কওমি মাদরাসার একাডেমিক ডিগ্রি (সনদ) প্রদানের জন্য বিদ্যমান ছয়টি বোর্ডের বদলে একটি সরকারি বোর্ড প্রতিষ্ঠা করার প্রস্তাব রাখা হয়েছে। এ জন্য কওমি মাদরাসার সমন্বিত বোর্ডের অর্গানোগ্রাম চূড়ান্তকরণ, নিয়োগ ও কার্যকর করা; কওমি মাদরাসা বোর্ডের অবকাঠামো নির্মাণ ও চালু করা; কওমি মাদরাসার বোর্ড কর্তৃক প্রদানযোগ্য সনদ এবং সমমান নির্ধারণ ও কার্যকর করার প্রস্তাব রাখা হয়েছে। কওমি মাদরাসার জন্য কারিকুলাম, সিলেবাস-পাঠ্যক্রম ইত্যাদি পুনর্নির্ধারণ; ছাত্র-ছাত্রীদের জন্য উপবৃত্তি চালু করা; শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল বা টিফিন চালু করা; কওমি মাদরাসার প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়ন; কওমি মাদরাসার শিক্ষকদের জন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান নির্মাণ ও চালু করা; কওমি মাদরাসার ছাত্র-ছাত্রীদের জন্য কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থান প্রকল্প চালু করার প্রস্তাব রাখা হয়েছে।
