
ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের বিদ্রোহের মুখে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার (২৫ জুন) প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের কল্যাণ ভাতা কমানোর বিতর্কিত পরিকল্পনায় অনড় অবস্থান নিয়েছেন।
গত বছরের জুলাইয়ে বিশাল ব্যবধানে কনজারভেটিভ পার্টিকে পরাজিত করে ক্ষমতায় আসার পর কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির জন্য প্রথম বছরটি বেশ চ্যালেঞ্জিং ছিল। এমন প্রেক্ষাপটে প্রস্তাবিত এই আইন নিয়ে আগামী মঙ্গলবার পার্লামেন্টে ভোটাভুটি হবে।
লন্ডন থেকে এএফপি জানায়, চলমান অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে ওঠার চেষ্টায় যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র্যাচেল রিভস সরকারি ব্যয়ের লাগাম টানতে চাচ্ছেন। এ সময় এই বিলটি নিয়ে সরকারের ওপর চাপ বাড়ছে।
স্টারমারের ঘোষণার দিনই দেখা গেছে—পার্লামেন্টে লেবার পাটির ৪০৩ জন সদস্যের মধ্যে অন্তত ১২০ জন এমপি প্রকাশ্যে বিলটি আটকানোর পদক্ষেপে সমর্থন দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানায়, ডাউনিং স্ট্রিটে স্টারমারের কার্যালয়ের ভেতরে বিদ্রোহের ব্যাপ্তি নিয়ে গভীর উদ্বেগ বিরাজ করছে।
দ্য টাইমস পত্রিকায় এক মন্ত্রী বলেন, ‘পরিস্থিতি এখন এক রকম আতঙ্কের।’ অন্যদিকে দ্য সান পত্রিকায় লেবার পার্টির ভেতরের এক সূত্র বলেন, ‘অনেক এমপি খুশি হয়েই বিদ্রোহ করছেন। কারণ তারা একের পর এক জরিপে দেখছেন, তাদের আসনগুলো পরের নির্বাচনে রিফর্ম পার্টির হাতে চলে যেতে পারে।’
