ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রেডিও সঞ্চালক মাইকেল সেভেজের একটি বিতর্কিত চিঠি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ শেয়ার করেছেন, যেখানে ভারত, চীন এবং অন্যান্য কয়েকটি দেশ সম্পর্কে অত্যন্ত আপত্তিকর ও বর্ণবাদী মন্তব্য করা হয়েছে।
ওই চিঠিতে সেভেজ ভারত ও চীনকে ‘হেলহোল’ বা ‘নরক’ হিসেবে অভিহিত করে দাবি করেন যে, এই দেশগুলো থেকে মানুষ কেবল যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে আসে। যাতে তারা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব লাভ করতে পারেন। তিনি একে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আইনের একটি অপব্যবহার হিসেবে বর্ণনা করেন এবং এটি বন্ধের জোর দাবি জানান।
সানস্তুতি নাথ-এর সম্পাদনায় এনডিটিভি ওয়ার্ল্ড নিউজ এই খবরটি প্রকাশ করেছে। মাইকেল সেভেজ তার ওই বর্ণবাদী লেখায় অভিযোগ করেন, ভারত বা চীনের মতো দেশগুলো থেকে আসা ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে নবম মাসে সন্তান জন্ম দেয় এবং সেই শিশুটি মুহূর্তের মধ্যেই মার্কিন নাগরিক হয়ে যায়। এরপর ওই শিশুর মাধ্যমে তারা তাদের পুরো পরিবারকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে।
