
প্রতারণার মাধ্যমে ৪ কোটি টাকা আত্মসাতের মামলায় অনলাইনে বিমানের টিকিট কাটার প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের তিন কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ আদেশ দেন।
ফ্লাইট এক্সপার্টের কারাগারে যাওয়া আসামিরা হলেন- প্রতিষ্ঠানটির হেড অব ফাইন্যান্স মো. সাকিব হোসেন, চিফ কমার্শিয়াল অফিসার সাইদ আহমেদ ও চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত। এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিঝিল থানার উপ-পরিদর্শক মো. সাদ্দাম হোসেন।
আসামিপক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত রোববার সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রোপাইটার মো. বিপুল সরকার বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। এতে ফ্লাইট এক্সপার্টের সালমান বিন রশিদ শাহ সায়েম, মক্কা গ্রুপের চেয়ারম্যান এম এ রশিদ শাহ সম্রাট, মো. সাকিব হোসেন, সাইদ আহমেদ ও এ কে এম সাদাত হোসেনকে আসামি করে মামলা করা হয়।
উল্লেখ্য যে, গত ২ আগস্ট সকাল থেকে আসামিদের অনলাইন সার্ভিস বন্ধ হয়ে যায়। এজন্য এজেন্সির মালিকরাসহ ব্যক্তিগত লেনদেনকারীরা তাদের অফিসে উপস্থিত হন। তারা এসে দেখেন, মতিঝিল থানাধীন সিটি সেন্টারস্থ সব ফ্লোরের অফিস খোলা থাকলেও ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ অনুপস্থিত থাকায় কর্মচারীরা কোনো প্রকার সেবা প্রদান করতে পারছিল না। পরে তারা জানতে পারেন, আসামি ফ্লাইট এক্সপার্টের সালমান বিন রশিদ শাহ সায়েম ও মক্কা গ্রুপের চেয়ারম্যান এম এ রশিদ শাহ সম্রাট ৫-৬ হাজার কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে বিদেশ পালিয়েছেন।
