
জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হেনেছে। সোমবার রাতে এই ভূমিকম্পের পর তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া সংস্থা (জেএমএ)।
হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে প্রশাসনিক এলাকায় এই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এলাকার বাসিন্দাদেরও সরে যেতে বলা হয়েছে।
জেএমএ জানায়, মধ্যরাতের আগে আওমোরির মুৎসু ওগাওয়ারা এবং হোক্কাইডোর উরাকাওয়া বন্দরে ৪০ সেন্টিমিটারের সুনামি দেখা গেছে।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আওমোরি উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ৫০ কিলোমিটার ছিল বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।
এ ভূমিকম্পে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা সম্পর্কে খুব কম তথ্য জানিযেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে।
হোটেলের এক কর্মচারির বরাত দিয়ে এনএইচকে বলেছে, ভূমিকম্পে বেশ কিছু মানুষ আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ওদিকে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি মঙ্গলবার সকালে সাংবাদিকদের বলেছেন, এখন পর্যন্ত তিনি ৭ জন আহত হওয়ার খবর শুনেছেন।
জাপান বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি। প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তত একবার কম্পন অনুভূত হয় দেশটিতে।
সোমবারের ভূমিকম্পের ইস্ট জাপান রেলওয়ে এলাকায় কয়েকটি ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। ২০১১ সালের মার্চে এই অঞ্চলেই আঘাত হেনেছিল ৯ দশমিক ০ মাত্রার ভূমিকম্প।
প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাকে আংশিক ঘিরে থাকা আগ্নেয়গিরি ও সামুদ্রিক ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত জাপানে বিশ্বের ৬ দশমিক ০ বা তার বেশিমাত্রার ২০ শতাংশ ভূমিকম্প ঘটে থাকে।
(KS)
