
দেশে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর শনিবারের বুলেটিনে জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫২ জন। একদিনে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা এ বছরের সর্বোচ্চ। এর আগে গত ১১ জুন ২৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সবশেষ ৩৫২ জনকে নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৪২৯ জন।
সবশেষ তথ্যে দেখা যায়, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি চট্টগ্রাম বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এদিন সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, ১৬৭ জন। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৬২ জন, ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৬ জন, খুলনা বিভাগে আটজন এবং রাজশাহী বিভাগে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৮২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২২৯ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৬৫৩ জন।
দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
২০২২ সালে সারাদেশে এক লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।
