
আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করছাড় ও সরকারি ব্যয়ের বিলের সমালোচনা করেন ইলন মাস্ক। ওই বিলের কারণে বৈদ্যুতিক গাড়ি কেনায় যে ভর্তুকি দেওয়া হতো, তা বন্ধ হয়ে যেতে পারে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মাস্কের কোম্পানি টেসলা।
ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার আবারও হুমকি দিয়ে বলেছেন, ইলন মাস্কের বিভিন্ন কোম্পানি ফেডারেল সরকার থেকে যে বিপুল পরিমাণ ভর্তুকি পায়, তা বন্ধ করে দেওয়া হতে পারে। বিশ্বের শীর্ষ ধনী মাস্ক একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ ছিলেন, তবে এখন দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। এরই মধ্যে এই দ্বন্দ্ব নতুন করে প্রকাশ্যে এসেছে।
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় শত শত মিলিয়ন ডলার ব্যয় করা মাস্ক সোমবার আবারও ট্রাম্পের করছাড় ও সরকারি ব্যয়ের বিলের সমালোচনা করেন। ওই বিলের কারণে বৈদ্যুতিক গাড়ি কেনায় যে ভর্তুকি দেওয়া হতো, তা বন্ধ হয়ে যেতে পারে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মাস্কের কোম্পানি টেসলা, যা যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা।
অবশেষে বিতর্কিত সেই বিলটি মঙ্গলবার দুপুরে সিনেটে পাস হয়। বিলটি গতকাল কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মাত্র এক ভোটের ব্যবধানে (৫১-৫০) পাস হয়। এ বিলের ফলে বৈদ্যুতিক গাড়ি (ইভি) কেনায় যে ভর্তুকি পাওয়া যায়, তা উঠে যেতে পারে। এ ভর্তুকিতে মূলত টেসলার মতো মাস্কের প্রতিষ্ঠানগুলো উপকৃত হতো।
