ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নতুন দায়িত্বে ঢাকায় তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা-র স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিনেশ ত্রিবেদী শিগগিরই ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
৭৫ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিক পশ্চিমবঙ্গের বাসিন্দা। তিনি একসময় তৃণমূল কংগ্রেস-এর হয়ে রাজনীতি করেছেন এবং সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের আমলে রেলমন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২১ সালে তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেন।
