পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম ভারত সফরে গিয়ে দিল্লিতে এস জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠক করেছেন খলিলুর রহমান। বুধবার (৮ এপ্রিল) দুপুরে হায়দরাবাদ হাউস-এ অনুষ্ঠিত আনুষ্ঠানিক বৈঠকের পর দুই পররাষ্ট্রমন্ত্রী একান্ত আলোচনায় মিলিত হন।
কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিকের পাশাপাশি আঞ্চলিক বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-ও উপস্থিত ছিলেন, যিনি সফরসঙ্গী হিসেবে দিল্লিতে গেছেন।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকার গঠনের মাধ্যমে সেই সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছে। তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রী হিসেবে এই সফরে ভারত গেছেন খলিলুর রহমান।
