ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রথম চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, কমিশনের উপপরিচালক মো. সাইদুজ্জামান তাকে জিজ্ঞাসাবাদ করেন। বুশরা আফরিন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে। তিনি ২০২৩ সালের মে মাসে ডিএনসিসির ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পান।
দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে তার কন্যাকে ডাকা হয়। এসব সম্পদ অর্জনে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।”
জুলাই আন্দোলনের পর ক্ষমতার পটপরিবর্তনের প্রেক্ষাপটে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে থাকা সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে। একই সঙ্গে তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও কন্যা বুশরা আফরিনের বিদেশযাত্রায় গত ৭ জানুয়ারি নিষেধাজ্ঞা দেন আদালত।
