বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংসদকে জানিয়েছেন, বর্তমানে দেশে মজুত গ্যাস রয়েছে ৯ দশমিক শূন্য ৬ ট্রিলিয়ন ঘনফুট। এই গ্যাস দিয়ে প্রায় ১১ বছর দেশের চাহিদা মেটানো সম্ভব। গতকাল সোমবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, ২০২২ সালের জুন পর্যন্ত দেশে মজুত গ্যাসের পরিমাণ ছিল ৯ দশমিক শূন্য ৬ ট্রিলিয়ন ঘনফুট। সর্বশেষ ২০২২ সালের ১ জুলাই পর্যন্ত প্রাক্কলন অনুযায়ী দেশে মোট উত্তোলনযোগ্য প্রমাণিত ও সম্ভাব্য মজুত ২৮ দশমিক ৫৯ টিসিএফ।
উল্লেখ্য যে, ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত দেশে ক্রমপুঞ্জিত গ্যাস উৎপাদনের পরিমাণ প্রায় ১৯ দশমিক ৫৩ টিসিএফ। সে হিসাবে ২০২২ সালের ১ জুলাই পর্যন্ত উত্তোলনযোগ্য অবশিষ্ট মজুতের পরিমাণ ৯ দশমিক শূন্য ৬ টিসিএফ। দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে দৈনিক গড়ে প্রায় ২২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে বিবেচনায় অবশিষ্ট মজুত গ্যাসে প্রায় ১১ বছর দেশের চাহিদা মেটানো সম্ভব হবে। তিনি জানান, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিভিন্ন কার্যক্রম চলছে।
