
তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য নতুন ভিসা চালু করতে যাচ্ছে চীন। মূলত প্রযুক্তিগত উদ্ভাবন এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যকে সামনে রেখে চীন সরকার এই উদ্যোগ নিচ্ছে। ‘কে ভিসা’ নামে এই বিশেষ ভিসাটি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। চীনের স্টেট কাউন্সিল বৃহস্পতিবার নতুন ভিসার ঘোষণা দিয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভিসার মূল উদ্দেশ্য হলো- বিশ্বের বিভিন্ন দেশে থাকা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতের মেধাবী তরুণদের আকর্ষিত করা। ‘কে-টাইপ’ ভিসার জন্য আবেদনকারীদের অবশ্যই দেশি বা বিদেশি কোনও খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে, অথবা ওইসব প্রতিষ্ঠানে গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে।
এর মাধ্যমে চীন নিশ্চিত করতে চায় যে, শুধুমাত্র যোগ্য এবং উচ্চ শিক্ষিত ব্যক্তিরাই এই বিশেষ সুবিধা পাবেন। নতুন এ ভিসার অন্যতম প্রধান সুবিধা হলো এর সহজ আবেদন প্রক্রিয়া।
এই পদক্ষেপকে ২০৩৫ সালের মধ্যে প্রযুক্তি পরাশক্তি হওয়ার চীনের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
