যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ ও নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর ফলে এখন থেকে প্রবাসীরা কনস্যুলেট থেকেই সরাসরি এনআইডি সংক্রান্ত প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন, যা তাদের দেশে বিভিন্ন সরকারি সুবিধা ও কার্যক্রম সহজে সম্পাদনে সহায়তা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোঃ মোজাম্মেল হক।
সংশ্লিষ্টরা বলছেন, এই এনআইডি পেলে যুক্তরাষ্ট্রের প্রবাসী দেশে নিজেদের সম্পদ সংক্রান্ত আইনি প্রক্রিয়া সহজ হবে। এছাড়াও প্রবাসীরা ভবিষ্যতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ক্ষেত্রেও এই পরিচয়পত্র সহায়ক হবে।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এই কার্যক্রমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের প্রতি সরকারের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। তিনি বলেন , যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি এবং মায়ামিসহ অন্যান্য বাংলাদেশি অফিসগুলোতেও পর্যায়ক্রমে এই সেবা চালু করার প্রস্তুতি চলছে।
কনসাল জেনারেল মোজাম্মেল হক এই সেবা প্রদানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং কমিউনিটির নেতাদের প্রতি নতুন সেবা সম্পর্কে প্রবাসীদের অবহিত করার আহ্বান জানান।
প্রবাসীরা এখন অনলাইন পোর্টালের (https://services.nidw.gov.bd) মাধ্যমে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এনআইডি কার্যক্রম শুরুর ফলে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
