যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তার নিজের সংবাদপত্র ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’-কে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সর্বশেষ প্রেস কনফারেন্সে উপস্থিত থাকার অনুমতি দেয়নি। ধারণা করা হচ্ছে, ইরান যুদ্ধ সংক্রান্ত সংবাদ প্রচারের ওপর কড়াকড়ি আরোপের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পত্রিকাটির প্রতিবেদক ম্যাথিউ অ্যাডামস সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বলেন, ‘পেন্টাগন থেকে এই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার অনুমোদন পায়নি স্টারস অ্যান্ড স্ট্রাইপস। আমাকে স্ক্রিনে এটি দেখতে হচ্ছে।’ তিনি পেন্টাগনের একটি সাম্প্রতিক নির্দেশনার কথা উল্লেখ করেন, যেখানে পত্রিকাটির বিষয়বস্তু বা কনটেন্ট ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
আরেক প্রতিবেদক কেভিন ব্যারন এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, ‘পেন্টাগন কি তবে তার নিজের সংবাদপত্রকেই কালো তালিকাভুক্ত করল? মনে রাখা প্রয়োজন, স্টারস অ্যান্ড স্ট্রাইপস-এর কর্মীরা মূলত মার্কিন সেনাবাহিনীর বেসামরিক সদস্য এবং তাদের সম্পাদকীয় স্বাধীনতা কংগ্রেস দ্বারা সুরক্ষিত, যাতে রাজনৈতিক নেতারা সেনাদের ওপর প্রোপাগান্ডা চালাতে না পারে।’
বাক্স্বাধীনতা বিষয়ক সংস্থা ‘পেন আমেরিকা’-র টিমোথি রিচার্ডসন বলেন, ‘নতুন নির্দেশিকাগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, পেন্টাগন এই প্রকাশনাটিকে নিজেদের প্রচারযন্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। এটি সংবিধানের প্রথম সংশোধনীর পরিপন্থী।’
