
নির্ধারিত সময়েই নির্বাচন হবে, কোনো দাবির মুখে নির্বাচন পেছানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে ড. ইউনূস এ কথা বলেন।
বৈঠকে ড. কমফোর্ট এরোর নেতৃত্বে আসা প্রতিনিধিদলকে অধ্যাপক ইউনূস জানান, সরকার নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে। তিনি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন, এই তারিখগুলো কোনোভাবেই পরিবর্তন করা হবে না।
প্রধান উপদেষ্টা ব্যাখ্যা করেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংখ্যক সংস্কার চাইলে নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। আর যদি বৃহত্তর সংস্কার প্যাকেজ চাওয়া হয়, তবে নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি জোর দিয়ে বলেন, ‘নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই।’ তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
আওয়ামী লীগ প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের দলটিকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে, হত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত দলের নেতাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সম্ভাব্য অপরাধের বিষয়ে জাতিসংঘের একটি তথ্য-অনুসন্ধান মিশনের প্রতিবেদনের পর, সরকার হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগ নেতাদের পাঠানোর বিষয়টিও উড়িয়ে দেয়নি। অধ্যাপক ইউনূস বলেন, ‘এটি খুবই সক্রিয় বিবেচনায় রয়েছে।’
প্রধান উপদেষ্টা আরও জানান, বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য গঠন কমিশন আলোচনা শুরু করেছে। জুলাই সনদ চূড়ান্ত ও স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে, যা সরকারের নীতি নির্ধারণে পথ দেখাবে।
