আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল আবেদনের শেষ দিন আজ। শেষ দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৩১ জন মনোনয়নপ্রার্থী ইসিতে আপিল করেছেন।শুক্রবার (৯ জানুয়ারী) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে স্থাপিত অস্থয়ী কেন্দ্রীয় আপিল বুথ থেকে এসব তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, আজ বিকাল ৫টা পর্যন্ত যারা নির্বাচন ভবনে আপিল করতে উপস্থিত হয়েছেন, তাদের সবার আপিল গ্রহণ করা হবে। সেটা যতক্ষণই লাগুক, আমরা তা শেষ করব।
ইসি কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সর্বোচ্চ ১৭৪টি আপিল দায়ের করা হয়। ওই দিন মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১০টি আপিল করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, সংশোধিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ছিল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এসব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি। শুনানি কার্যক্রম আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত হবে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ৭০টি করে আপিল আবেদনের শুনানি নেওয়া হবে।
