পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ‘সম্পূর্ণ সুস্থ আছেন’। গতকাল মঙ্গলবার দেশটির পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের পর তাঁর বোন উজমা খানম এই কথা জানিয়েছেন।
সাক্ষাতের পর আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উজমা আরো বলেন, ‘আমার বোনদের (আলেমা খানম ও নওরীন খানম) সঙ্গে পরামর্শ করে আমি বিস্তারিত জানাব।’ গতকাল আদিয়ালা কারাগার কর্তৃপক্ষের অনুমতি পেয়ে ভাইকে দেখতে কারাগারের ভেতরে যান উজমা।
পিটিআইয়ের নেতাকর্মীরা কারাগারের বাইরে অবস্থান করছিলেন। অবশেষে ইমরানের স্বাস্থ্য নিয়ে গুজবের অবসান ঘটল। কয়েক দিন ধরে তাঁর স্বাস্থ্য নিয়ে গুজব, গুঞ্জনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ শোরগোল চলে। তাঁকে কারাগারের ভেতরে হত্যা করা হয়েছে বলে সূত্রের বরাত দিয়ে আফগান গণমাধ্যমের খবর প্রকাশের পর এ নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে।
