
জনপ্রশাসন ক্যাডারের পদোন্নতির পর এবার অন্যান্য ক্যাডারের ‘বঞ্চিত’ অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি।
প্রতিবেদন অনুযায়ী, পদোন্নতির সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে গ্রেড-১ পদে ১২ জন, গ্রেড-২ পদে ৩২ জন এবং গ্রেড-৩ পদে ৩৪ জন রয়েছেন। এই কর্মকর্তারা ইতিমধ্যে অবসরে গেছেন। আগের কোনো তারিখ থেকে পদোন্নতি কার্যকর হলে তা ‘ভূতাপেক্ষ’ হিসেবে গণ্য হবে।
উল্লেখ্য যে, ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরিতে বঞ্চনার শিকার এবং অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন যাচাই করে সুপারিশ দেওয়া হয়েছে। প্রথম ধাপে প্রশাসন ক্যাডারের উপসচিব থেকে তদূর্ধ্ব পদে বঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করা হয়। দ্বিতীয় ধাপে প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের তৃতীয় গ্রেড বা তদূর্ধ্ব পদে কর্মকর্তাদের আবেদন নেওয়া হয়।
নির্ধারিত সময়ের মধ্যে ৩১৮টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৬৮টি কমিটির আওতার বাইরে এবং ৪০টি অসম্পূর্ণ ছিল। বাকি ২১০টি আবেদন পর্যালোচনা করে কমিটি ৭৮ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে। এর মধ্যে ৬ জনকে তিন ধাপ, ১৭ জনকে দুই ধাপ এবং ৫৫ জনকে এক ধাপ পদোন্নতির জন্য প্রস্তাব রাখা হয়েছে। ১৩২ জনের ক্ষেত্রে সুপারিশ করা হয়নি।
