
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা খুব শিগগিরই দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন। এ সংক্রান্ত প্রস্তাব এখন প্রধান উপদেষ্টার দফতরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
অনুমোদন মিললেই প্রজ্ঞাপন জারি করা হবে এবং তারপর থেকেই প্রধান শিক্ষকরা নতুন গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পেতে শুরু করবেন বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সহকারী শিক্ষকদের গ্রেড নিয়ে সিদ্ধান্ত নেবে বেতন কমিশন
উল্লেখ্য যে, সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের ১১তম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। বিষয়টি বর্তমানে নতুন গঠিত বেতন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে একাধিক সূত্র।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন শিগগিরই হবে।’
আদালতের রায় ও সরকারি পদক্ষেপ
তাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ৪৫ জন প্রধান শিক্ষক উচ্চ আদালতে রিট করেন। আদালত তাদের ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার নির্দেশ দেন।
এখন সেই রায়ের ভিত্তিতে অর্থ মন্ত্রণালয় সম্মতি জানায় এবং ৩ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদফতর এক অফিস আদেশে রিটকারী ৪৫ জনকে দশম গ্রেড প্রদান করে। বাকি প্রধান শিক্ষকদের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানানো হয়।
