রাতভর সংঘর্ষের পর মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে বন্ধ ঘোষণা করেছে সিটি বিশ্ববিদ্যালয় প্রসাশন। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মীর আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৮ অক্টোবর (মঙ্গলবার) থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও চারটি আবাসিক হলের শিক্ষার্থীদের সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়তে হবে।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কথাকাটাকাটির জেরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। টানা সাত ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সোমবার সকাল পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করে আশুলিয়ার সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এলাকায়। সংঘর্ষে আহত বহু শিক্ষার্থী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সকালে সিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, প্রশাসনিক ভবনে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কাচের টুকরো ও ভাঙা আসবাবপত্র। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বেশ কয়েকটি গাড়িতে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় দুটির সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। আতঙ্কে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। এ সময় সকালে সিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রতিনিধি দল। তারা ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দেওয়ার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
