
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে আজ শুক্রবার (২৭ জুন) সকালে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিঙ্গাপুরগামী একটি উড়োজাহাজের পাখায় পাখির আঘাত লাগে। এ ঘটনার পর উড়োজাহাজটি গন্তব্যে না গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে এবং জরুরী অবতরণ করে। বিমানের যাত্রী এবং ক্রু’রা সবায় নিরাপদে আছেন।
শাহজালাল বিমানবন্দরের স্টেশন ম্যানেজার অপুর্ব দেওয়ান জানান, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানের আন্তর্জাতিক ফ্লাইটটি (বিজি ৫৮৪) আজ সকাল ৮টা ৩৮ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে। ফ্লাইটটিতে ১৫৪ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন। উড্ডয়নের পরপরই উড়োজাহাজের পাখায় পাখির আঘাত লাগে। প্রায় ২ হাজার ৫০০ ফুট উচ্চতায় থাকাকালে ক্যাপ্টেন উড়োজাহাজটির পাখায় পাখির আঘাত লাগার কথা জানিয়ে বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন। সকাল ৮টা ৫৯ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর বিমানবন্দরের বে-১৪ নম্বরে উড়োজাহাজটি পার্ক করা হয়।
