সারা দেশে জ্বালানি সংকটের কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পৃথক লাইনে জ্বালানি সরবরাহের দাবি জানানো হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর দেওয়া এক চিঠিতে এ দাবি জানায় পুলিশ অ্যাসোসিয়েশন। চিঠিতে সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভাবলু স্বাক্ষর করেন।
চিঠিতে উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, টহল, জরুরি অভিযান, ভিআইপি নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলাসহ নানা দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টা মাঠে থাকতে হয়। এসব কাজে তাদের ব্যক্তিগত মোটরসাইকেল, সরকারি বা রিকুইজিশন করা যানবাহন ব্যবহার করতে হয়।
কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে তেল নিতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পুলিশ সদস্যদের। এতে তাদের কর্মঘণ্টার বড় অংশ নষ্ট হচ্ছে এবং জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
