
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একটি কভার্ড ভ্যান তল্লাশি করে দুই কোটি টাকার ভারতীয় লেহেঙ্গা ও শাড়ি জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। রোববার সকালে উপজেলার চান্দুরা এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয় বলে জানান বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন খবর পেয়ে বিজিবি ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সদস্যরা অভিযান চালান। এ সময় সন্দেহভাজন একটি কভার্ড ভ্যান তল্লাশি করে বেশকিছু কার্টুন পাওয়া যায়।
কার্টুনগুলো খুলে ভারতীয় ৪৪৯টি লেহেঙ্গা ও ১৪৭টি শাড়ি জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা বলে জানান লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। জব্দ করা মালামাল আখাউড়া কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
