
অবশেষে, ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাচ্ছেন ‘আইএস বধূ’ খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম। সম্প্রতি যুক্তরাজ্যের সুপ্রিমকোর্ট এক রায়ে তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত তুলে নেয়। এর ফলে শামীমা আইনি দৃষ্টিকোণ থেকে আবারও ব্রিটিশ নাগরিক হিসেবে বিবেচিত হবেন।
বুধবার ব্রিটিশ মানবাধিকার সংগঠন ‘ইউকে হিউম্যান রাইটস ব্লগ’ এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। এই রায়ের ফলে শামীমা বেগমের ব্রিটেনে ফেরার পথ খুলে গেলেও, ব্রিটিশ সরকার তাকে ফিরিয়ে নেয়ার বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তা দেখার। রায় নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি ব্রিটিশ সরকার।
জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে জাতীয় নিরাপত্তার প্রশ্নে শামীমাসহ আরও একজন ব্রিটিশ নাগরিকের নাগরিকত্ব বাতিল হয়েছিল। তবে আপিল বিভাগের দীর্ঘ শুনানির পর রায়ে বলা হয়, নাগরিকত্ব বাতিলের আদেশ প্রত্যাহারের ফলে তাদের ব্রিটিশ নাগরিকত্ব পুরো সময়ের জন্য কার্যকর থাকবে।
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে দুই বান্ধবীসহ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এ যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমান। সেখানে তিনি ডাচ নাগরিক ইয়াগো রিয়েডিকে বিয়ে করেন এবং চার সন্তানের জন্ম দেন, যাদের সবাই পরবর্তীতে মারা যায়।
